
আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্ব যখন করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে তখন পাকিস্তানের মদতে কাশ্মীরে ক্রমাগত নাশকতার চেষ্টা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদি জঙ্গিরা। আজ রবিবার তাদের নাশকতার ছক বানচাল করতে গিয়ে প্রবল গুলিযুদ্ধে জড়িয়ে পড়লেন ভারতীয় নিরাপত্তারক্ষীরা। এর ফলে নিহত হলেন রাষ্ট্রীয় রাইফেলসের এক মেজর ও দুই জওয়ান আর জম্মু ও কাশ্মীর পুলিশের এক কর্মী। যদিও এসময় পালটা গুলিতে খতম হয়েছে দুই পাক জঙ্গিও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে খবর আসে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দেওয়ারার চাঙ্গিমুল্লা গ্রামের এক বাসিন্দার বাড়িতে লুকিয়ে রয়েছে দু’জন জঙ্গি। বাড়ির সদস্যদের পণবন্দি করে রেখেছে তারা। এরপরই ২১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে।
রাতে জঙ্গিদের হাতে পণবন্দি সাধারন নাগরিকদের উদ্ধার করতে ওই বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করেন যৌথ বাহিনীর সদস্যরা। সেসময়ই আচমকা ভিতর থেকে গুলি চালাতে আরম্ভ করে জঙ্গিরা। এর জেরে শহিদ হন রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল আশুতোষ শর্মা, একজন মেজর এবং দুই জওয়ান আর জম্মু ও কাশ্মীর পুলিশের একজন এসআই (SI)। নিরাপত্তারক্ষীদের পালটা গুলিতে খতম হয় দুই জঙ্গিও। এরপরই ওই বাড়িতে থেকে পণবন্দি বাসিন্দাদের উদ্ধার করা হয়। রবিবার সকালে এপ্রসঙ্গে ভারতীয় সেনার এক মুখপাত্র জানান, ২১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার আশুতোষ শর্মা খুবই দক্ষ অফিসার ছিলেন। অতীতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গা হওয়া অনেক জঙ্গিদমন অভিযানে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি।