
আন্তর্জাতিক ডেস্কঃ নভেল করোনাভাইরাসে আক্রান্তদের সুস্থ হওয়ার হারে দক্ষিণ এশিয়ায় মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে মাত্র ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শতকরা হিসেবে সুস্থ হওয়ার হার মাত্র ২ শতাংশের সামান্য বেশি। যদিও এই সুস্থতার হার নিয়ে শঙ্কিত হওয়ার কোন কারণ দেখছে না সরকারের রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তাদের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে পুরোপুরি সুস্থ হওয়াদের ছাড়পত্র দেয়ার কারণেই এ হার কম দেখাচ্ছে। অন্যান্য দেশে আংশিক সুস্থ হলেই ছাড়পত্র দেয়া হয় বলে জানায় প্রতিষ্ঠানটি।
করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের হিসেবে ও সুস্থ হয়ে বাড়ি ফেরার তালিকায় দক্ষিণ এশিয়ার শীর্ষে আছে ভারত। দেশটিতে প্রায় ৪০ হাজার আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১১ হাজার। শতকরা হিসেবে সেখানে সুস্থ হওয়ার হার ২৬.৮০ শতাংশ। আর পাকিস্তানে ১৯ হাজারের বেশি আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮শ’র বেশি। দেশটিতে সুস্থতার হার ২৬.০২ শতাংশ। আর শ্রীলঙ্কায় ৭ শতাধিক আক্রান্তের মধ্যে ১৭০’র বেশি সুস্থ হয়েছেন, শতকরা হিসেবে এ হার ২৪.৯২ শতাংশ।
এছাড়া আফগানিস্তানে সুস্থতার হার ১৩.৪০ শতাংশ, মালদ্বীপে ৩.৪৬ শতাংশ সুস্থ হয়েছেন। অপরদিকে বাংলাদেশে সুস্থতার হার মাত্র ২.০১ শতাংশ, অথচ যেখানে বিশ্বব্যাপী করোনায় সুস্থতার হার ৩১ শতাংশের বেশি। তবে এত কিছুর পরও সুস্থতার কম হার নিয়ে শঙ্কার কারণ দেখছে না রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তাদের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে প্রায় ৭৯ শতাংশই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।