
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস ভাগ্যের সুদিন ফেরালো ভারতের মোস্ট ওয়ান্টেড জুয়াড়ি সঞ্জীব চাওলার। আটক হবার তিন মাসের ভেতর করোনা ভাইরাসের জের ধরে জামিন পেলেন কুখ্যাত এই জুয়াড়ি। প্রায় দুই দশক আগের একটি ঘটনা বেশ তোলপাড় করে দিয়েছিল পুরো ক্রিকেটাঙ্গন। কেননা এমন এক জনের বিরুদ্ধে সে সময় ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল যাকে কিনা ক্রিকেট বিশ্বের সবখানেই শুদ্ধ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হতো। তিনি সাবেক প্রোটিয়া ক্রিকেটার হ্যানসি ক্রনিয়ে।
তাঁর ম্যাচ পাতানোর অভিযোগে বেশ তাক লেগে গিয়েছিল সমগ্র ক্রিকেটাঙ্গন জুড়ে। কেননা কেউ বিশ্বাসই করতে পারছিল না তিনি ম্যাচ পাতাতে সক্ষম। কিন্তু ঘটনার সত্যতা মানুষ বিশ্বাস করেছিল কারণ দিল্লী পুলিশ জুয়াড়ির সাথে ক্রনিয়ের মোবাইল কথোপকথন প্রকাশ করে দেয়। সবকিছুর মূলে নেপথ্যে রয়েছেন যিনি, তার নাম সঞ্জীব চাওলা। ক্রিকেটের অন্ধকার গলিপথের মূল নির্মাতা এই ভারতীয় জুয়াড়ি। ক্রনিয়ের সেই ঘটনার তদন্তে বেরিয়ে এসেছিল সঞ্জীবের নাম। গেল ১৩ ফেব্রুয়ারি তাকে ভারতে ফিরিয়ে এনে বিচার শুরু করে আদালত।