
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের গবেষণাগার থেকে নতুন করোনাভাইরাসটির উৎপত্তি ঘটেছে বলে ব্যাপক প্রমাণ রয়েছে- এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই সুর মেলালেন তিনিও।এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলতে পারেন, বিশ্বব্যাপী মহামারি সৃষ্টিকারী ভাইরাসটি চীনের পরীক্ষাগার (ল্যাব) থেকে এসেছে। সোমবার (৪ মে) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জাননো হয়, করোনাভাইরাসের ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের এই দোষারোপ বেইজিংয়ের সঙ্গে তাদের সম্পর্কের উত্তাপ ছড়াচ্ছে।পম্পেওর এই মন্তব্য এমন সময়ে করেছেন, যে সময়টিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু অংশ সতর্কতার সঙ্গে ভাইরাসের লকডাউন তুলতে প্রস্তুতি নিচ্ছে। আর বিভিন্ন দেশের সরকার অর্থনীতি পুনরায় চালু করার চেষ্টা করছে।বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ লাখ ৪৫ হাজার মানুষ মারা গেছেন। ৩৪ লাখ মানুষ এতে সংক্রমিত। বিশ্বের অর্ধেকের মতো মানুষ এতে লকডাউনে চলে গেছে এবং বৈশ্বিক অর্থনীতি মহামন্দার পর সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।