
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে (কোভিড-১৯) মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক অনুষ্ঠানের শুরুতে তিনি একথা জানান। তিনি বলেন, করোনাভাইরাসে ৭৫ হাজার থেকে ১ লাখ মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছি। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ৬৭ হাজার ৬৮২ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ১১ লাখ ৫৮ হাজার ৪০ জন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এপ্রিলের শুরুতে আশঙ্কা করেছিলাম করোনায় ৬০ হাজার নাগরিকের মৃত্যু হতে পারে। কিন্তু এখন মৃত্যু ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। ট্রাম্প দাবি করেন, ২০২০ সালের শেষের দিকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন পাওয়া যাবে। তিনি বলেন, ওষুধ প্রস্তুতকারী কিছু কোম্পানি ভ্যাকসিন আবিষ্কারের খুব কাছাকাছি রয়েছে। আমরা আশা করছি এই বছরের শেষের দিকে আমরা সুখবর দিতে পারব। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৭টি দেশে ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৬ হাজার ৭২৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৭০ জনের।