
আন্তর্জাতিক ডেস্কঃ যতদিন মহামারির প্রকোপ না কমে, ততদিন বাকি বিশ্বের সঙ্গে এর সীমান্ত বন্ধ থাকবে। ভিডিও লিঙ্কের মাধ্যমে অস্ট্রেলিয়ার কেবিনেট মিটিংয়ে অংশ নিয়ে বক্তৃতাকালে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এসব কথা বলেন। বৈঠকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রস্তাবিত ‘ট্রান্স-তাসমান বাবল’ নিয়ে আলাপ করা হয়। এই প্রস্তাবের মাধ্যমে দু’দেশের নাগকিদের মধ্যে অবাধ আসা-যাওয়া চলবে। তবে আগের মতো ভিন্ন দেশ থেকে লোক আসার বিষয়টা এখন থেকে আর চালু থাকবে না। বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রমণের কারণে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিউজিল্যান্ড।
এর মানে হলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কোভিড-১৯ এর সংক্রমণ যাতে আর বাড়তে না পারে, সে জন্য বিদেশি পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেসিন্ডা আর্ডেন বলেন, আমাদের দু’দেশের পর্যটকদের সুবিধা এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়ানোর জন্য এই ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আমাদের হাতে অনেক কাজ। সামনে এগোতে হলে কাজগুলো করে শেষ করতে হবে। তবে পর্যটন খাতে আমাদের সাবধানী হতে হবে। নিউজিল্যান্ডের পর্যটন খাত বৃহত্তম শিল্পখাতগুলোর একটি। দেশের প্রায় ১০ শতাংশ কর্মসংস্থান হচ্ছে এই খাতেই। আর প্রবৃদ্ধিতে এর অবদান ৬ শতাংশ। বেশিরভাগ পর্যটক এসে থাকে অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে।
এদিকে মঙ্গলবার পর্যন্ত পর পর দু’দিন নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি নিউজিল্যান্ডে। দেশটিতে করোনাভাইরাসে দেড় হাজারেরও কম মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২০ জন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গত সপ্তাহে লকডাউন শিথিল করা হয়। অস্ট্রেলিয়ার অবস্থা সে তুলনায় খারাপই বলতে হয়। বিশাল দেশটিতে আক্রান্ত ৭০০০ আর মৃত ২৫। তবে তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে এবং লকডাউন পর্যায়ক্রমে তুলে নিতে শুরু করেছে।