
আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের দাপটে নাজেহাল পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু তাই বলে ছাগল, গাছের ফলেরও করোনা পজিটিভ! এমনটিই ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায়। আর এরপরেই চীনের তৈরী টেস্টিং কিটের মান নিয়ে গত রবিবার প্রশ্ন তুলেছেন দেশটির রাষ্ট্রপতি জন মাগুফুলি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি জন মাগুফুলি আমদানি করা করোনভাইরাস টেস্টিং কিটকে ক্রুটিযুক্ত বলে মনে করছেন। রবিবার তানজানিয়ার উত্তর-পশ্চিমের চাটোতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, পরীক্ষাগুলোতে ‘প্রযুক্তিগত ত্রুটি’ রয়েছে।
মাগুফুলি জানান, টেস্টিং কিটের মান নির্ণয়ের জন্য তিনি নিরাপত্তাবাহিনীর কিছু কর্তাকে ছাগল, ভেড়া, পওপও বলে এক ধরনের ফল থেকে কিছু নমুনা নিয়ে তা মানুষের নাম দিয়ে ল্যাবরেটরিতে পাঠাতে বলেন। নমুনাগুলো কোথা থেকে নেওয়া সেই বিষয়ে কাউকে কিছু বলাও হয়নি। টেস্টের রিপোর্ট আসার পর দেখা গেছে ওই ফল, ছাগল, ভেড়ার নমুনাও নাকি পজিটিভ এসেছে। আর এতেই ওই টেস্টিং কিটের মান নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি।
তিনি জানান, অনেক মানুষ আছে, যাদের রিপোর্ট পজিটিভ এসেছে। তারা হয়তো আদৌ করোনায় আক্রান্ত হননি। ‘অবশ্যই কোথাও একটা গণ্ডগোল আছে। আমি আগেও বলেছি বিদেশ থেকে আমদানি করা সব জিনিস ভালো নাও হতে পারে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তানজানিয়ায় ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১৬৭ জন।