News71.com
 International
 06 May 20, 11:02 AM
 411           
 0
 06 May 20, 11:02 AM

মহামারি বিশেষজ্ঞ ফাউসিকে চাকরিচ্যুতি করতে চায় ট্রাম্প প্রশাসন॥

মহামারি বিশেষজ্ঞ ফাউসিকে চাকরিচ্যুতি করতে চায় ট্রাম্প প্রশাসন॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি বিশেষজ্ঞ এবং ট্রাম্প প্রশাসনের করোনাভাইরাস-সংক্রান্ত টাস্কফোর্সের অন্যতম শীর্ষ ব্যক্তি ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, তাঁকে যারা চাকরিচ্যুত করার দাবি জানাচ্ছে, তারা একটা খেলার অংশ হিসেবেই তা করছে। প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যুর পরও পরিস্থিতির বাছবিচার না করে আমেরিকার দুই ডজনের বেশি অঙ্গরাজ্যের ব্যবসা-বাণিজ্য খুলে দেওয়া হচ্ছে। এমন তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে সাবধানবাণী উচ্চারণ করে আসছেন ডা. ফাউসি। এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠদের বিরাগভাজন হয়ে উঠেছেন তিনি। তাঁকে চাকরিচ্যুত করারও দাবি উঠেছে।

অনেকেই মনে করেন, এমন চাকরিচ্যুতির দাবির পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইন্ধন আছে। ট্রাম্পের সমর্থক রক্ষণশীলদের ব্যাপক বিরূপ প্রচারণার মধ্যেও ডা. ফাউসি তাঁর মতামত নিয়ে অবিচল অবস্থানে আছেন। তিনি মনে করেন, দ্রুত সবকিছু খুলে দেওয়া হলে মহামারিতে মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়ে যাবে। ৪ মে রাতে সিএনএনকে দেওয়া এক বক্তব্যে ডা. ফাউসি বলেছেন, লোকজনের পছন্দ বা অপছন্দ সত্ত্বেও নিজে যা মনে করেন, তা বলে যাবেন। এতে লোকজনের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

করোনাভাইরাস সংক্রান্ত টাস্কফোর্সের শীর্ষ এই কর্মকর্তা বলেন, সঠিক তথ্য প্রকাশ করাটাকে তিনি নৈতিক দায়িত্ব মনে করেন। লোকজনকে কেউ কিছু মেনে নিতে বাধ্য করতে পারে না। নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে। ডা. ফাউসিসহ মার্কিন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক বিচ্ছিন্নতা শিথিল করার ফলে ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দুটিই বাড়বে। প্রেসিডেন্ট ট্রাম্পসহ তাঁর অনুগতরা দ্রুতই সবকিছু খুলে দিতে তোড়জোড় শুরু করেছেন।

নানা তথ্য-উপাত্ত থেকে এখন বলা হচ্ছে, শারীরিক দূরত্বের নির্দেশে ছাড় দেওয়া হলে জুন মাসেই আমেরিকায় সংক্রমণ আবার দ্রুত বেড়ে যাবে। দিনে তিন হাজার লোকের মৃত্যুও হতে পারে। মোট মৃত্যুর সংখ্যা এক লাখ থেকে বেড়ে গিয়ে আড়াই লাখের মধ্যে যেকোনো সংখ্যায় গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন জনস্বাস্থ্য বিশ্লেষকেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন