
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে আরো শিথিল করা হচ্ছে লকডাউন। আগের তুলনায় কমেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫শ' ৬৮ জন। তবে একদিনেই মারা গেছেন প্রায় দুশ' জন।করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় বিধিনিষেধ আরো শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাঙ্গেলা মার্কেল সরকার। বুধবার জার্মানির ১৬টি অঙ্গরাজ্যের সাথে ভিডিও কনফারেন্সে অংশ নেন চ্যান্সেলর মার্কেল। বর্তমানে সংক্রমণের হার ও ভাইরাসের প্রকৃতি বিবেচনায় বিধিনিষেধ আরো শিথিল করার সিদ্ধান্ত নেন তিনি।যদিও এখনই জার্মান অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে কি না সে বিষয়ে সন্দিহান স্থানীয়রা।একজন স্থানীয় বলেন, কি আর বলব, করোনার কারনে বিশ্বের অন্যান্য দেশের মত জার্মানীর অর্থনৈতিক অবস্থাও সংকটে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান কর্মীদের বেতন দিতে পারছে না, চাকরি হারাচ্ছেন অনেকে। যতদিন প্রতিষেধক তৈরি না হবে ততদিন পর্যন্ত সংকট চলতেই থাকবে।অন্যদিকে দেশটিতে স্বাভাবিক জীবনে ফিরতে বেশ কয়েক মাস লাগবে উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, স্বাস্থ্যবিধি না মানলে দ্বিতীয় দফায় মহামারী দেখা দিতে পারে, যা হবে আরো ভয়াবহ।