
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়তে গিয়ে ২০২৫ সালের মধ্যে প্রায় ১৪ লাখ মানুষ যক্ষ্মায় (টিবি) মারা যেতে পারে বলে নতুন একটি গবেষণায় পূর্বাভাস দেয়া হয়েছে। বিশেষজ্ঞের বরাতে ৬ মে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মধ্যে ৬৩ লাখ লোক টিবি রোগে আক্রান্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে, করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনার বিশ্বব্যাপী প্রচেষ্টার ফলে টিবি রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধ এখন কম গুরুত্ব পাচ্ছে। ফলে টিবি'র সংক্রমণ বেড়ে চলেছে। মূলত টিবি একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যা ফুসফুসকে প্রভাবিত করে এবং প্রায় কয়েকশ বছর ধরেই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। প্রতিবছর ১৫ লাখ লোক টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এ মৃত্যুর হার অন্য যে কোনো সংক্রামক রোগের চেয়ে বেশি। সাম্প্রতিক দশকগুলোতে এটি নির্মূল করার জন্য বড়সড় কার্যক্রম চলমান ছিলো।
ড্রাগ প্রতিরোধী যক্ষার জন্য নতুন চিকিৎসা অনুমোদিত হয়েছে। তবে এই প্রচেষ্টাগুলো করোনাভাইরাসের কারণে লক্ষ্যচ্যুত হয়েছে। ২০৩০ সালের মধ্যে এই রোগ নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জাতিসংঘ পরিচালিত একটি সংস্থা স্টপ টিবি'র নির্বাহী পরিচালক ড. লুসিকা দিতিউ বলছিলেন। দিতিউ একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আজ সরকার কোভিড-১৯ এর আসন্ন বিপর্যয় এবং টিবির মতো দীর্ঘদিন ধরে চলে আসা রোগের নিয়ন্ত্রণ নিয়ে একটি মারাত্মক অবস্থার মুখোমুখি হয়েছে।’
তিনি আরো যোগ করে বলেন, ‘তবে আবারো টিবি রোগকে উপেক্ষা করা হলে বিশ্বের সর্বাধিক মারাত্মক এ সংক্রমণের বিরুদ্ধে কষ্টকর যে অগ্রগতি অর্ধ দশক ধরে অর্জিত হয়েছে তা বিনষ্ট হবে এবং আরো লক্ষ লক্ষ মানুষকে অসুস্থ করে ফেলবে।’ এই প্রাক্কলনটি করোনার এই ৩ মাস সময় এবং বিগত ১০ মাসের টিবি কার্যক্রম বিশ্লেষণের মাধ্যমে করা হয়েছে। স্টপ টিবির অংশীদারিত্ব এবং ইউএসএআইডি এর সহায়তায় ইম্পেরিয়াল কলেজ লন্ডন, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং আভেনির হেলথ এটি পরিচালনা করেছে।