
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে বামপন্থী একটি ফোক ব্যান্ডদলের ওপর সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদে অনশনরত ওই দলের আরেক সদস্য মারা গেছেন। ‘গ্রুপ ইওরুম’ নামের ওই ব্যান্ডদলটি বৃহস্পতিবার জানায়, তাদের দলের বেজ গিটারিস্ট ইব্রাহিম গোকচেক (৪১) ইস্তাম্বুলের একটি হাসপাতালে মারা গেছেন। অনশনরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে দু'দিন আগে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। এ অনশনে তিনি ৩২৩ দিন ধরে উপোস ছিলেন।
এর আগে টানা ২৮৮ দিন অনশনের মাথায় মারা যান ওই ব্যান্ডদলের আরেক সদস্য হেলিন বোলেক (২৮)। ইস্তাম্বুলের যে বাড়িতে বসে তারা অনশন চালিয়ে যাচ্ছিলেন গত ৩ এপ্রিল সেখানেই মারা যান হেলিন। তুরস্কে অনশনের ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে খাবার গ্রহণ বন্ধ করে দেন অনশনকারীরা। তবে প্রতিবাদ দীর্ঘায়িত করতে তরল ও ভিটামিন গ্রহণ করেন তারা।
১৯৮৫ সালে ইস্তাম্বুলে ‘গ্রুপ ইওরুম’ নামের ব্যান্ডদলটি গঠিত হয়েছিল। দলটি তাদের প্রতিবাদী গানের জন্য বেশ পরিচিত পায়। ২০১৬ সালে এরদোয়ান সরকার ব্যান্ডদলটির ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং এর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে। নিষিদ্ধঘোষিত ‘রেভ্যুলিউশনারি পিপল’স লিবারেশন পার্টি-ফন্ট’এর সঙ্গে সংযোগ থাকার অভিযোগে তাদের নিষিদ্ধ করা হয়। ওই সশস্ত্র দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছিল তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ।
গোকচেক ও বোলেক গত বছর কারাগারে থাকাকালীন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকারকে চাপ দিতে ও গ্রেপ্তার ব্যান্ড সদস্যদের মুক্তির জন্য অনশন শুরু করেছিলেন। গত নভেম্বরে তাদের মুক্তি দেওয়া হয়। তবে ‘গ্রুপ ইওরাম’কে কনসার্ট শুরু করতে দেওয়া, কারাবন্দি অন্য ব্যান্ড সদস্যদের মুক্তি ও তাদের ব্যান্ডের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে অনশন অব্যাহত রেখেছিলেন তারা।