
আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমান বিশ্বে এক আতঙ্কের নাম কোভিড-নাইন্টিন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যখন প্রতিনিয়ত হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে তখন ব্যতিক্রম যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মাত্র ৪৭। মারা গেছেন তিন জন। তবে, আক্রান্তের সংখ্যা কম হলেও বিপদমুক্ত নয় সিরিয়া বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।দীর্ঘ দুইমাস পর শুক্রবার জুমার নামাজের জন্য খুলে দেয়া হয় সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদ। তবে, করোনা ভাইরাসের কারণে মসজিদে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয় মাস্ক। এমনকি এক মিটার সামাজিক দূরত্বও নিশ্চিত করা হয়। একজন বলেন, মসজিদে আসতে পেরে সত্যিই ভালো লাগছে। অন্যান্য দেশ তো এখনো এমন সিদ্ধান্ত নিতে পারে নি।গেল মার্চ মাসে দেশটিতে প্রথম করোনা শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দুই মাস পর আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রনে থাকলেও সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি ।প্রেসিডেন্ট আসাদ বলেন, সংখ্যা কম থাকা মানে এই নয় যে এটা বাড়বে না, যেকোনো সময় একটা বিপর্যয় ঘটতে পারে। সবাইকে সচেতন থাকতে হবে।