
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য আরব দেশগুলোতে কাজ করেছে। এজন্য তারা প্রচার মাধ্যমকে বেছে নিয়েছেন। ইয়েমেনের সংগঠন আনসারুল্লাহ’র মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল-হুথি এই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গোটা আরব বিশ্বকে উৎসাহ দিচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। দেশ দুটি টিভি সিরিয়াল তৈরি ও সম্প্রচারের মাধ্যমে আরব দেশগুলোর জনগণের মধ্যে দখলদার ইসরায়েলের বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরির চেষ্টা করছে।’ এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম পার্সটুডে।
তিনি আরো বলেন, ‘পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলুম করছে ইহুদিবাদী ইসরায়েল, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে জুলুম-নির্যাতন চলছে তার চেয়ে বড় জুলুম আর হতে পারে না।’ এই জুলুমের প্রভাব বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেন। আনসারুল্লাহ’র মহাসচিব আরো বলেন, ‘যারা ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলেছে এবং যেসব ব্যক্তি ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছে তারা বিশ্বের সবচেয়ে ঘৃণ্য এই জুলুমের অংশীদার।’প্রসঙ্গত, সম্প্রতি সৌদি টিভি চ্যানেল এমবিসি ‘মাখরাজ-সেভেন’ নামের একটি টিভি সিরিয়ালের সম্প্রচার শুরু করেছে। সেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে বক্তব্য তুলে ধরা হয়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ প্রযোজনায় এই সিরিয়ালটি তৈরি করা হয়।