
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। তবে মৃতের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ৪২২ জন। এ নিয়ে দেশটিতে ৮০ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের দিক থেকেও শীর্ষে অবস্থান করছে দেশটি। যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ২৫ হাজার মানুষ। মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন। শুধু নিউইয়র্কেই মারা গেছেন ২৬ হাজার ৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় এ শহরে মারা গেছে ১৮৬ জন। সেখানে গণকবরের ব্যবস্থা করতে হচ্ছে। কোনো কোনো হাসপাতালে লাশ রাখার জায়গা নেই। নিউইয়র্কের পরই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউজার্সিতে, ৯ হাজার ১১৮ জন। এরপর ম্যাসাচুসেটসে ৪ হাজার ৮৪০, মিশিগানে ৪ হাজার ৫২৬, পেনসিলভানিয়ায় ৩ হাজার ৭৯৮ ও ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ৬৯১ জন মারা গেছেন।পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছিল, তার ২১ শতাংশ মানুষ মারা গেছে। করোনায় আক্রান্তদের শতকরা তিন ভাগের অবস্থা আশঙ্কাজনক। আর এমন গুরুতর রোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৮৫ জন।