
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে জনগণকে সর্তক করতে ইংল্যান্ডে ‘অ্যালার্ট’ পদ্ধতি চালু হচ্ছে। আজ রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের এ পদ্ধতিটি চালুর ঘোষণা দেওয়ার কথা রয়েছে। দেশটির লকডাউন পরিস্থিতির সবশেষ অবস্থা টেলিভিশনে প্রচারিত ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রীর তুলে ধরার কথা রয়েছে আজ। আজ বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রান্ত উপাত্তের ভিত্তিতে নতুন অ্যালার্ট বা সতর্কতা পদ্ধতিতে ১ থেকে ৫ পর্যন্ত মাত্রা নির্ধারণ করা থাকবে। আর এখানে ঝুঁকি কোন পর্যায়ে আছে, তা জনগণকে জানানো হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাষণ থেকে করোনাভাইরাস সতর্কতায় নতুন স্লোগান ‘স্টে অ্যালার্ট, কন্ট্রোল দ্য ভাইরাস, সেভস লাইভস’ (সতর্ক থাকুন, ভাইরাস নিয়ন্ত্রণে রাখুন, জীবন বাঁচান) আসতে পারে।
সানডে পত্রিকায় প্রকাশিত খবরকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক করবেন এই বলে যে যুক্তরাজ্য করোনাভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে বিপজ্জনক ধাপে প্রবেশ করছে। প্রধানমন্ত্রী সানডেকে বলেছেন, ‘আমরা এখন শীর্ষ অবস্থা (করোনাভাইরাস পরিস্থিতি) অতিক্রম করছি। প্রতিটি সঠিক পদক্ষেপ পেতে আমাদের আরও কঠিন শ্রম দিতে হবে। পবর্তারোহীরা সব সময় বলেন, চূড়া থেকে নামতে থাকার সময়টা সবচেয়ে বিপজ্জনক। কারণ, ওই সময়টায় আপনি অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে ভুল করতে পারেন। আরোহণের সময় হাতে তেমন কোনো বিকল্প পথ থাকে না, কিন্তু নামার সময় আপনাকে নিশ্চিত হবে যেন দ্রুত না দৌড়ান, নিয়ন্ত্রণ না হারান এবং হোঁচট না খান।’ গতকাল শনিবার ব্রিটিশ যোগাযোগমন্ত্রী গ্র্যান্ট শাপস সতর্ক করেন যে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরই সরকার লকডাউন তুলে নেওয়ার ক্ষেত্রে অগ্রসর হবে। গতকাল দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪৬ জন। মোট মৃত্যু হয়েছে ৩১ হাজার ৫৮৭ জনের।