
আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠেছে ব্রাজিল। দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতিমধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় ১০ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৯ জন। বিজ্ঞানীদের ধারণা, ব্রাজিলের প্রকৃত অবস্থা আরো খারাপ, দেশটির ব্যাপক ভিত্তিক করোনা টেস্টের সক্ষমতা নেই।
ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য সাও পাওলোতে ৪ কোটি ৬০ লাখ লোকের বাস। এই রাজ্যে ইতিমধ্যে ৩ হাজার ৬০০ লোকের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ৪৪ হাজার ৪০০ জন। এছাড়া পার্শ্ববর্তী রিও ডি জেনিরোতে ১ কোটি ৬০ লাখ লোক বাস করে। এখানে এখন পর্যন্ত ১ হাজার ৬৫৩ জনের মৃত্যু এবং ১৬ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে কম ঘন বসতির সিয়েরা,পারনামবুকো ও আমাজানে ১ হাজারের বেশী করে লোক মারা গেছে।