
আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতে আগামী ৩০ মে পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আজ রোববার (১০ মে) থেকে কারফিউ কার্যকর হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকারি মুখপাত্র তারিক মিজরিম।কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে তারিক মিজরিম বলেন, কুয়েতের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আজ ১০ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত সম্পূর্ণ কুয়েতকে লকডাউন ঘোষণা করা হয়েছে।কুয়েত সরকার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২ মাস যাবৎ সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, বিমান চলাচল, বাস চলাচল, দোকানপাট বন্ধসহ মসজিদে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ ঘোষণা করেছে।গত ৬ মার্চ থেকে প্রবাসী অধ্যুষিত মাহবুলা ও জেলিব সুয়েখ এলাকায় চলছে লকডাউন। এছাড়া ২০ এপ্রিল থেকে কুয়েতে ১৬ ঘণ্টার কারফিউ বলবৎ ছিল। দিনের পর দিন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার পরও কিছুতেই থামছে না সংক্রমণ। তাই সরকারের এই নির্দেশনা। তবে সম্প্রতি দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার একটানা কারফিউ জারির ঘোষণা দেওয়া হলো।