News71.com
 International
 11 May 20, 12:33 PM
 328           
 0
 11 May 20, 12:33 PM

কাশ্মীরে আজ হতে পারে একাধিক বড় হামলা॥ লাল সতর্কতা জারি করল ভারতীয় গোয়েন্দারা

কাশ্মীরে আজ হতে পারে একাধিক বড় হামলা॥ লাল সতর্কতা জারি করল ভারতীয় গোয়েন্দারা

আন্তরজতিক ডেস্কঃ সতর্ক করল গোয়েন্দা রিপোর্ট। সোমবার কাশ্মীরে একাধিক হামলার আশঙ্কা রয়েছে এই মর্মে ওই রিপোর্টে সতর্ক করা হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলা চালানোর জন্য তৈরি হচ্ছে বলে অভিযোগ। সেনা ও আদা সেনার ওপর চলতে পারে বোমা হামলা। জানাচ্ছে গোয়েন্দা রিপোর্ট। সোমবার যে কোনও সময়ে এই হামলা চালাতে পারে জইশ। গাড়ি বোমা বিস্ফোরণ বা আত্মঘাতী জঙ্গি দিয়ে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে এই রিপোর্ট পাওয়ার পরেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে কাশ্মীর জুড়ে। জানা গিয়েছে, ১১ই মে হামলা চলতে পারে কাশ্মীরের একাধিক প্রান্তে। সেই দিকে নজর রেখেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। সূত্রের খবর জইশের কার্যকরী প্রধান মুফতি আব্দুল রউফ আসগর ও তার ঘনিষ্ঠ কিছু সহযোগী পাক গোয়েন্দাদের সাথে গোপন বৈঠক সেরেছে। গত সপ্তাহে হয়েছে এই বৈঠক। ভারতে হামলা চালানোর খসড়া প্রস্তুত হয়েছে সেখানে।

এদিকে, রবিবারই নয়া অপারেশনাল চিফ পেয়েছে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। সূত্রের খবর ৫৫ বছরের মহম্মদ আশরাফ খান ওরফে আশরাফ মোলভি আপাতত দায়িত্ব নিতে চলেছে হিজবুল মুজাহিদিনের। হিজবুলের পরবর্তী প্রধান কে হতে চলেছে বা কে হবে, সে বিষয়ে বৈঠকে বসে ওই জঙ্গি সংগঠন। পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে এই বৈঠক হয়। সেখানেই নাম উঠে আসে ৫৫ বছরের এই জঙ্গির। অন্যদিকে হিজবুল মুজাহিদিনের আরেক নেতার নাম উঠে আসছে রিয়াজ নাইকুর পরিবর্ত হিসেবে। গাজি হায়দার বা সইফুল্লা মীর নামে ওই জঙ্গি খুব তাড়াতাড়ি হিজবুলের নতুন সন্ত্রাসের মুখ হতে চলেছে বলে খবর। রবিবার হিজবুল প্রধান সৈয়দ সালাহউদ্দিন মুজফফরাবাদে বলেন চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ৮০ জন জঙ্গি নিহত হয়েছে। এদিন তার বক্তব্যে উঠে আসে হান্দওয়াড়ার হামলার কথা। তার দাবি ভারত এখন আগের থেকে শক্তিশালী হয়েছে। হিজবুল প্রধানের মত তাদের সংগঠনের দুর্বল নেতৃত্ব কোনও মিশনেই সাফল্য আনতে পারছে না। এদিকে, ৬ই মে এনকাউন্টারে খতম হয় হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু। কাশ্মীরে চলছিল সেনা-জঙ্গি গুলির লড়াই। আর সেই এনকাউন্টারে ‘মোস্ট ওয়ান্টেড’ রিয়াজ নাইকুকে খতম করা সম্ভব হয়। কাশ্মীরে একাধিক অপহরণের ঘটনায় যুক্ত ছিল এই রিয়াজ নাইকু। রিয়াজ নাইকুর জায়গাতেই নির্বাচিত করা হয়েছে মহম্মদ আশরাফ খানকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন