
নিউজ ডেস্কঃ করোনাকালে বিশ্বব্যাপী তেলের চাহিদা হ্রাস পাওয়ায় সৌদি আরব সোমবার তেল জায়ান্ট আরমকোকে জুন মাস থেকে প্রতিদিন অতিরিক্ত আরো ১০ লাখ ব্যারেল (বিপিডি) তেলের উৎপাদন কমিয়ে আনতে বলেছে। মে মাসে তেলের উৎপাদন কমিয়ে আনার পরেও তেলের দাম না বাড়ায় আবারো তেল উৎপাদন কমিয়ে আনার ঘোষণা দিলো সৌদি আরব। এই পদক্ষেপের ফলে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত রপ্তানিকারী আরমকো'র উৎপাদন হ্রাস হবে ৭৫ লাখ বিপিডি। বিদ্যুৎ মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেসের সংস্থা এক বিবৃতিতে একথা জানিয়েছে।
সৌদির এমন ঘোষণার পর প্রতিবেশী কুয়েতের তেলমন্ত্রী খালেদ আল-ফাদেল সৌদি উদ্যোগকে সমর্থন জানিয়ে তার দেশ প্রতিদিন অতিরিক্ত ৮০ হাজার ব্যারেল (বিপিডি) কমিয়ে দেবে বলে জানিয়েছে। কুয়েত নিউজ এজেন্সির এক বিবৃতিতে ফাদেল বলেছেন, ‘তেলের বাজারে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য সৌদি আরবের প্রচেষ্টাকে সমর্থন করে কুয়েত।’ এছাড়াও সৌদি আরবকে সমর্থন জানিয়েছে তার আর এক মিত্র সংযুক্ত আরব আমিরাত। দেশটি জুন থেকে প্রতিদিন ১ লাখ ব্যারেল (বিপিডি) হ্রাস করার ঘোষণা দিয়েছে।
ওপেক এবং ওপেক গ্রুপের সহযোগীরা গত মাসে উৎপাদন রেকর্ড ৯৭ লাখ ব্যারেল (বিপিডি) কমানোর বিষয়ে একমত হয়েছে। এর বাইরে অন্যান্য উৎপাদকেরাও তাদের দৈনিক তেল উৎপাদন প্রায় ৩৭ লাখ ব্যারেল ( বিপিডি) হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তির অধীনে, সৌদি আরবের দৈনিক উৎপাদন ৮৫ লাখ ব্যারেল (বিপিডি) কমে গেছে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। রিয়াদ বলেছে যে অতিরিক্ত তেল উৎপাদন কমানোর লক্ষ্যে ওপেক এবং সহযোগী সদস্য এবং অন্যান্য উৎপাদনকারী দেশগুলো কাজ করবে। এর উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী তেলের বাজারকে টেনে তোলা এবং দাম স্থিতিশীল করা।