News71.com
 International
 13 May 20, 07:18 PM
 332           
 0
 13 May 20, 07:18 PM

স্পেনে কর্মহীন প্রবাসীদের আর্থিক সহায়তা দিচ্ছে দূতাবাস॥

স্পেনে কর্মহীন প্রবাসীদের আর্থিক সহায়তা দিচ্ছে দূতাবাস॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্পেনে ১৩ মার্চ থেকে লকডাউন চলছে। এ অবস্থায় অভিবাসী বাংলাদেশিদের অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাসও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দুই দফায় প্রাপ্ত ২৫ লাখ টাকা বিতরণ করেছে।দূতাবাসের কর্মকর্তারা তাঁদের ব্যক্তিগত ফান্ড থেকে ১ হাজার ইউরোসহ মোট ২৮ হাজার ইউরোর আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। চলমান এই নগদ অর্থসহায়তা কর্মসূচিতে দূতাবাস ৯৩৩ জন খতিগ্রস্ত অসহায় অভিবাসীর নামও সংগ্রহ করে তাঁদের সহায়তা করে।

২ মে থেকে এই অনুদান প্রদান শুরু হয়। ১১ মে পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে অভিবাসী বাংলাদেশিকে এ সহায়তা প্রদান করা হয়েছে। এদের মধ্যে রাজধানী মাদ্রিদে রয়েছেন ৪০০ জন এবং পর্যটন নগরী বার্সেলোনায় অনারারি কনস্যুলেটের রামোন পেদ্রোর মাধ্যমে প্রায় ৪৫৩ বাংলাদেশি অভিবাসীকে অর্থসহায়তা প্রদান করা হচ্ছে। এ ছাড়া মালাগা, টেনেরিফ, মায়োর্কা, সেভিয়া অঞ্চলে আরও ৮০ জন অভিবাসীকে এই অর্থসহায়তা প্রদান করা হবে। দূতাবাসের অধীনে অভিবাসীদের জন্য এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। কারফিউ ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিপদগ্রস্ত প্রবাসী মহিলা ও বয়স্করা দূতাবাসে আসতে পারেননি, তাঁদের কাছে এই অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে যা দিয়ে প্রবাসীরা সহজেই কাছের সুপারশপ থেকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবেন।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিশ্বের দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে স্পেন। ইতিমধ্যে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আড়াই লাখের ওপর মানুষ। মৃত্যুবরণ করেছেন ২৬ হাজারের ওপর। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার ৭০০ এর ওপর। স্পেনে প্রায় ৩০ হাজার বাংলাদেশি রয়েছেন। যাঁদের বেশির ভাগই রেস্টুরেন্ট বা বিভিন্ন স্প্যানিশ কোম্পানিতে কাজ করেন। তাঁদের মধ্যে তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তিনজনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন