
আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনাভাইরাসের মধ্যেই প্রতিদিন অবৈধ পথে ইতালিতে ঢুকছে হাজারো অভিবাসী। দেশটিতে অবৈধদের বৈধ করে নেবার কথা শুনেই হঠাৎ করে অভিবাসীদের এমন ঢল নেমেছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদরা। ফলে ধারণা করা হচ্ছে বদলে যেতে পারে বৈধকরণের নীতিমালা।দেশটির স্বনামধন্য গণমাধ্যম ‘রাই নিউজ’র এক প্রতিবেদনে বলা হয়েছে হঠাৎ করেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে ইতালিতে ঢুকছে অনেক অভিবাসী। এছাড়াও গত সপ্তাহে ভূ-মধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেছে তিন সহস্রাধিক অভিবাসী। এরমধ্যে বাংলাদেশীর সংখ্যা ১৫৭ জন।
এ বিষয়ে দেশটির বিরোধীদলীয় ডানপন্থী নেতা মাত্ত্বেও সালভিনি বলেন ‘অবৈধদের ঢালাওভাবে বৈধকরণ সরকারের সবচেয়ে বড় একটি ভুল সিদ্ধান্ত। এতে ভবিষ্যতে আমাদের দেশ আরও হুমকির মুখে পড়বে। আর নতুন করে অবৈধ পথে এখানে আসার অনুপ্রেরণা জোগাবে। সুতরাং সরকার যদি এরকম কোন সিদ্ধান্ত চূড়ান্তের দিকে অগ্রসর হয় তাহলে ইতালিয়ান জনগণ রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবে’।
অপরদিকে দেশটির কৃষিমন্ত্রী তেরেসা বেল্লানোভা জানিয়েছেন, মহামারী করোনার পর দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সবার জন্য খাদ্য নিশ্চিত করা। আর এজন্য অবশ্যই কৃষিখাতে জনবল প্রয়োজন হবে। তাই অন্তত কৃষিখাতে কর্মরত শ্রমিকদের বৈধতা দিতে হবে। অন্যথায় তিনি পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন।তবে বর্তমান সরকার এসব অবৈধদের বৈধকরণে কোন পথে অগ্রসর হচ্ছে সেটা ধারণা করা মুশকিল। তবে সকলেই যেন বৈধতা পায় এমনটাই আশা করছেন স্থানীয় বাঙ্গালী কমিউনিটির নেতৃবৃন্দরা। উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে ঘোষণা দিয়ে সকল অবৈধদের বৈধ করে নিয়েছিল ইতালি।