
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভি আসার খবর জানিয়ে মঙ্গলবার পেসকভ বলেছেন, তিনি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এক মাসের বেশি সময় আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে জানান পেসকভ। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি বলেন, “হ্যাঁ, আমি অসুস্থ। চিকিৎসা নিচ্ছি।”
উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হিসাবে পুতিনের মুখপাত্র পেসকভই রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে এপ্রিলের শেষ দিকে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের দেহে করোনা ভাইরাস ধরা পড়ে। রাশিয়ার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী করোনাভাইরাস আক্রান্ত হন। তারও আগে রাশিয়ার নির্মাণমন্ত্রী এবং তার এক উপমন্ত্রীও ভাইরাস আক্রান্ত হয়েছিলেন।করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর মস্কোর বাইরের একটি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ চালিয়ে আসছেন প্রেসিডেন্ট পুতিন। তবে গত মঙ্গলবার রাশিয়ার তেল জায়ান্ট কোম্পানি রসনেফটের প্রধান ইগোর সেচিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন পুতিন।