News71.com
 International
 14 May 20, 10:23 PM
 349           
 0
 14 May 20, 10:23 PM

গ্রীষ্মের ছুটিতে ইউরোপীয়দের বেড়ানোর সুযোগ দিতে চায় ইইউ॥

গ্রীষ্মের ছুটিতে ইউরোপীয়দের বেড়ানোর সুযোগ দিতে চায় ইইউ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপে বিধ্বস্ত পর্যটন ক্ষেত্র ধীরে ধীরে আবার চালু করার উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় কমিশন। করোনা সংকট সত্ত্বেও নির্দিষ্ট নিয়ন্ত্রণের মাধ্যমে ইউরোপের মধ্যে ভ্রমণ সংক্রান্ত কিছু প্রস্তাব রাখা হচ্ছে তাতে।সদস্য দেশগুলোর মধ্যে সীমান্ত কার্যত নিষ্ক্রিয় রাখাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শক্তির অন্যতম মূল উৎস। কেনাকাটা বা কাজের সূত্রে সীমান্তবর্তী এলাকার মানুষ অনায়াসে নিজের দেশ থেকে প্রতিবেশী দেশে যাতায়াত করেন। অথচ করোনা সংকটের জের ধরে ইউরোপের অভ্যন্তরীণ সীমান্ত মানুষের যাতায়াতের জন্য বন্ধ রাখতে হচ্ছে৷ শুধু ইইউ নাগরিক নয়, শেঙেন এলাকার ২৬টি দেশের মধ্যে কমপক্ষে ১৭টি দেশ সীমান্তে জরুরি নিয়ন্ত্রণ চালু করায় ইউরোপের বাইরের পর্যটকরাও সমস্যায় পড়ছেন। ফলে বিশেষ করে পর্যটন ক্ষেত্রে আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি ইউরোপীয় মূল্যবোধ ও সংহতি নিয়েও প্রশ্ন উঠছে।আর এজন্য ধাপে ধাপে সীমান্ত খুলে দেবার জন্য বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছে।

সেই ডাকে সাড়া দিয়ে বুধবার (১৩ মে) ইইউ কমিশন কিছু নির্দিষ্ট প্রস্তাব পেশ করছে। আসন্ন গ্রীষ্মকালীন ছুটির সময় পর্যটন ক্ষেত্র যাতে কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে, সেই লক্ষে সদস্য দেশগুলোর উদ্দেশে পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় ইইউ।ঢালাওভাবে সব মানুষের জন্য সীমান্ত ও ভ্রমণের সুযোগ বন্ধ না রেখে করোনা সংক্রমণ মোকাবিলা করতে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ চালু করা যেতে পারে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে অভ্যন্তরীণ সীমান্ত খুলে পর্যটকদের প্রবেশের পথে বাধা দূর করার প্রস্তাব দিচ্ছে ইইউ। সংক্রমণ বাড়লেও স্বাস্থ্য পরিষেবা কাঠামোর পরিস্থিতি সামাল দেয়ার ক্ষমতা থাকলে পর্যটনের পথে বাধা দূর করা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন