
আন্তর্জাতিক ডেস্কঃ এবার ভারতীয় সেনাবাহিনীতে ৩ বছরের জন্য কাজের সুযোগ পেতে যাচ্ছেন দেশটির সাধারণ নাগরিকেরা। ‘ট্যুর অফ ডিউটি’ পরিকল্পনার আওতায় শারিরীকভাবে ফিট সাধারণ নাগরিকদের এই সুযোগ দিচ্ছে ভারতীয় সেনা। এই ব্যবস্থা ইজরায়েল চালু করেছে বহু আগেই। ইজরায়েলে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে কিছুটা সময় কাটাতে হয়। এবার ভারতীয় নাগরিকদেরও সেই সুযোগ দিতে চলেছে সেনাবাহিনী ।
নজিরবিহীন এই সিদ্ধান্তের ফলে এবার সাধারণ মানুষও ৩ বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন। অফিসার-সহ বিভিন্ন পদমর্যাদায় কাজ করার সুযোগ পাবেন তারা। শুধুমাত্র সাধারণ মানুষ নন, আধাসেনা ও কেন্দ্রীয় বাহিনী থেকেও কর্মীদের ভারতীয় সেনায় যুক্ত করার চিন্তাভাবনা চলছে। ৭ বছর সেনাবাহিনীতে কাজ করার পরে ফের নিজের নিজের জায়গায় ফিরে যাবেন তারা। জানা গেছে, এই সিদ্ধান্ত গ্রহণ করার আগে আলোচনা করছেন ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানরা। একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেই তা ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য হল মানুষের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেম আরো জাগিয়ে তোলা ।
সেইসঙ্গে ১৩ লাখ সেনা জওয়ানদের জীবন সম্পর্কে সাধারণ মানুষকে আরো বেশি ওয়াকিবহাল করে তোলা। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল অমন আনন্দ আজ বৃহস্পতিবার জানিয়েছেন, 'সাধারণ মানুষকে সেনাবাহিনীতে যোগদান করানোর এই পদক্ষেপ সত্যিই নজিরবিহীন। প্রাথমিকভাবে ১০০ অফিসার ও ১০০০ কর্মীকে নিয়োগ করার কথা ভাবা হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ট্যুর অফ ডিউটি’ বা ‘থ্রি ইয়ার্স শর্ট সার্ভিস’। ভারতের যুব সম্প্রদায়ের মধ্যে অনেকেই এমন আছেন, যারা সেনা জওয়ান হিসেবে নিজের ক্যারিয়ার না গড়তে চাইলেও আর্মির জীবন উপভোগ করে দেখতে চান। তাদের জন্য এটা দূরন্ত এক সুযোগ । '