News71.com
 International
 16 May 20, 11:48 AM
 281           
 0
 16 May 20, 11:48 AM

যুক্তরাষ্ট্রে লকডাউনের বিরুদ্ধে সশস্ত্র বিক্ষোভ॥

যুক্তরাষ্ট্রে লকডাউনের বিরুদ্ধে সশস্ত্র বিক্ষোভ॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে মহামারি করোনা ভাইরাসে প্রায় ৮৭ হাজার মানুষের মৃত্যু এবং সাড়ে ১৪ লাখের বেশি সংক্রমিত হলেও লকডাউনের বিরুদ্ধে সশস্ত্র বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ট্রাম্পও লকডাউন বাদ দিয়ে সবকিছু স্বাভাবিক করার পক্ষেই মত দিচ্ছেন। সমালোচকরা বলছেন, দেশটিতে ভাইরাসের বিরুদ্ধে লড়াইটা বিজ্ঞানসম্মত না করে রাজনৈতিকভাবে চালানো হচ্ছে। করোনা এতটা ভয়াবহ হয়ে উঠেছে যে, ইউরোপের প্রভাবশালী জার্মানিও অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে। আর অর্থনীতির গতি স্বাভাবিক করতে ইতালিতে সামনের মাস থেকে চলাফেরায় পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মিশিগান অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভ হয়। এর আগেও সেখানে একই ধরনের বিক্ষোভ হয়েছে। ঐ রাজ্যে ৫০ হাজারের বেশি মানুষ সংক্রমিত এবং প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাই ভাইরাসের বিস্তার রোধে রাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার ‘স্টে হোম অর্ডার বা বাড়িতে থাকুন’ নিষেধাজ্ঞা ২৮ মে পর্যন্ত বাড়িয়েছেন। এ নিয়ে গভর্নরের বিরুদ্ধে মামলাও করেছেন রিপাবলিকান সমর্থিত আইন প্রণেতারা।

বৃহস্পতিবারের প্রতিবাদ গত দুবারের চেয়ে আলাদা ছিল। বৃষ্টি এবং বজ্রপাতের কিছুটা প্রভাব পড়েছে। রাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে ক্যাপিটল ভবনের সামনে অনেকেই রেইনকোট শরীরে জড়িয়ে বিক্ষোভে অংশ নেন। সঙ্গে আনেন নিজেদের লাইসেন্স করা অস্ত্র। তারা গভর্নরকে হুমকি দেন। অনলাইনেও গভর্নরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সশস্ত্র বিক্ষোভকারীরা দিনটিকে ‘বিচার দিবস’ বলে উল্লেখ করেছেন। তারা ‘স্টে হোম’ নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন