
আন্তর্জাতিক ডেস্কঃ নেপাল হাসপাতাল বা আইসোলেশন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থেকে করোনা রোগী পালানোর চেষ্টা করলেই তাকে গুলি করে হত্যার অনুমতি দিয়েছে নেপাল সরকার। শুক্রবার দেশটির ইংরেজি দৈনিক দ্য হিমালয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের পারসা জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার আইসোলেশন ওয়ার্ড থেকে কোনো করোনা পজিটিভ রোগী পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করতে নিরাপত্তাবাহিনীকে অনুমতি দেয়া গেল।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারসা জেলার প্রধান কর্মকর্তা বিষ্ণু কুমার কারকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। আর এ কারণে আইসোলেশন ওয়ার্ডে আরও নিরাপত্তা রক্ষী মোতায়েনের নির্দেশ দেন তিনি।সম্প্রতি জেলার নারায়ণি নামক হাসপাতাল থেকে দুই করোনা রোগী পালিয়ে যাওয়ার ঘটনার জেরে এমন নির্দেশনা এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান।এদিকে, পারসা জেলা প্রধানের এমন সিদ্ধান্ত নিয়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। বিষয়টিকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বলে মনে করছেন অনেকে। সঙ্গে নিরাপত্তা বাহিনীকে এমন অনুমতি দেয়াকে বিপজ্জনক উল্লেখ করেছে দেশটির মানবাধিকার কর্মীরা।