
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) কর্মকর্তারা উহানের বিতর্কিত ‘ক্লাস ৪ প্যাথোজেন’ (পি৪) ল্যাবটিতে যেতে চেয়েছিলেন বলে সম্প্রতি যে দাবি করা হচ্ছে তা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন চীনের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) কর্মকর্তারা। তাদের দাবি, হু কখনোই নির্দিষ্ট কোনো ল্যাবে যেতে চায়নি বরং এখন চীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।শুক্রবার (১৫ মে) এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন এনএইচসি কর্মকর্তারা।তারা বলেন, জানুয়ারিতে হু’র বিশেষজ্ঞরা উহান ভ্রমণ করেন এবং এরপর হু এবং চীনের একটি যৌথ দল বেইজিং, গুয়াংডং এবং সিচুয়ান প্রদেশ ভ্রমণ করেন ফেব্রুয়ারিতে। চীন ভাইরাস দমনে আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করছে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর দাবির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তারা।ওই সংবাদ সম্মেলনে তারা আরও দাবি করেন, নভেল করোনা ভাইরাস সম্পর্কিত সব তথ্যই চীন সারা বিশ্বের কাছে তুলে ধরেছে এবং এখনও সেই কাজ করে যাচ্ছে। এছাড়া হু’র গাইডলাইন অনুযায়ী ভাইরাসটির জিনোম সিকোয়েন্সও তুলে ধরা হয়েছে যাতে ভ্যাকসিন সহজেই আবিষ্কার করা যায়।