
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও নেপালের মধ্যে সমস্যা সৃষ্টির জন্য চেষ্টা করছে চীন। এমন অভিযোগ করেছেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল এমএম নারভানে। নেপাল সীমান্তের কাছে বিতর্কিত অংশে ভারত নতুন একটি রাস্তা নির্মাণ করে। যার আপত্তি জানায় নেপাল। সীমান্ত এলাকা উত্তরাখণ্ড থেকে লিপু লেখ পাস পর্যন্ত ৮০ কিলোমিটার লম্বা রাস্তা তৈরি করেছে ভারত। তবে বিতর্কিত অংশটুকু নেপাল দীর্ঘ দিন ধরে নিজেদের বলে দাবি করে আসছে। যা নিয়ে এর আগেও ভারত ও নেপালের মধ্যে আলোচনাও হয়েছিল।
ভারতের সেনা প্রধান জেনারেল এমএম নারভানে বলেন, ‘কাঠমাণ্ডু ঠিক কেন প্রতিবাদ জানিয়েছে তা বলতে পারবো না। তবে এই সব সমস্যা যে ওরা অন্য কারো সহায়তা তৈরি করছে, সেটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। আর এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।’ এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এই সময়। জেনারেল এমএম নারভানে আরো বলেন, ‘কালি নদীর পূর্বদিক নেপালের অংশে পড়ছে এবং পশ্চিমদিক ভারতের অংশ। এটা নিয়ে তো কোনও সমস্যা নেই। আর রাস্তা তৈরি হয়েছে কালি নদীর পশ্চিমদিকে।’ সম্প্রতি লাদাখ এবং সিকিম সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এর আগে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ৮০ কিলোমিটার সড়কটির উদ্বোধন করেন।