
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের সঙ্গে লড়তে আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়ে সাহায্য করেছিল ভারত। আর এবার করোনার সঙ্গে লড়তে ভারতকে ভেন্টিলেটর দেয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । মোদীকে এক জন ‘ভাল বন্ধু’ বলে সম্বোধন করে আজ শনিবার সকালে টুইট বার্তায় ট্রাম্প বলেন, “করোনার মহামারীর বিরুদ্ধে লড়াই করতে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছি।” সংবাদ মাধ্যমের একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ভারতকে ২০০টি ভেন্টিলেটর উপহার দিতে পারে আমেরিকা ।
ডোনাল্ড ট্রাম্প আরও জানান, শুধু ভেন্টিলটর পাঠানোই নয়, দুই দেশ এক সঙ্গে প্রতিষেধক তৈরির কাজও শুরু করে দিয়েছে। এ ব্যাপারে ইন্দো-মার্কিন গবেষক ও বিজ্ঞানীদের প্রশংসাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমি আশাবাদী এ বছরের শেষের দিকে কোভিড-১৯ এর প্রতিষেধক পাওয়া যাবে।” প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এ ব্যাপারে ‘অপারেশন ওয়ার্প স্পিড’ নামে একটি প্রকল্পও শুরু করেছে আমেরিকা। প্রতিষেধক তৈরির সেই প্রকল্পে এক জন প্রাক্তন সরকারি আমলাকে কাজে লাগানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ট্রাম্পের দাবি, “অবশ্যই। ভারতের সঙ্গে কাজ করছি আমরা। সম্প্রতি ভারত ঘুরে এসেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার ভাল বন্ধু। আমেরিকাতে প্রচুর ভারতীয় রয়েছেন। তাদের মধ্যে অনেকেই কোভিড-১৯ এর প্রতিষেধক তৈরির কাজ করছেন। খুব ভাল কাজ করছেন তারা ।”