
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিদর্শক স্টিভ লিনিককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহিষ্কার হওয়া সবশেষ সিনিয়র কর্মকর্তা তিনি। ট্রাম্প বলেন, লিনিকের ওপর তার পূর্ণ আস্থা নেই। কাজেই তাকে ৩০ দিনের মধ্যে অপসারণ করা হবে । খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত করছিলেন বরখাস্ত হওয়া কর্মকর্তা লিনিক। ডেমোক্র্যাটরা বলছেন, প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প।
গতকাল শুক্রবার হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের বরাত দিয়ে বলা হয়েছে, ‘জেনারেল পদে নিয়োগপ্রাপ্তদের উপর আমার পূর্ণ আস্থা থাকা জরুরি। কিন্তু এই মহাপরিদর্শকের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না ।’ লিনিককে বরখাস্তের পর হাউসের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান বলেন, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বিরুদ্ধে একটি তদন্ত করেছিলেন লিনিক। বিবৃতিতে ডেমোক্রেটিক ইলিয়ট এঙ্গেল বলেন, ‘মহাপরিদর্শককে বরখাস্তের মাধ্যমে প্রেসিডেন্ট একটি বিদ্বেষজনক কাজ করেছেন। মূলত নিজের অনুগত সমর্থক পররাষ্ট্রমন্ত্রীকে রক্ষা করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ।