
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির মধ্যেই স্পেনে শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। এদিকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, শেষবারের মতো জরুরি অবস্থার সময়সীমা জুনের শেষ পর্যন্ত বাড়াতে চায় স্পেন সরকার। শনিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, ‘আমরা যে পথে যাচ্ছি, সেটিই একমাত্র সম্ভাব্য পথ।’এসময় জুন মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে সংসদে প্রস্তাব দেওয়ার কথাও জানান তিনি।করোনা ভাইরাসের বিস্তার রোধে ১৪ মার্চ প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করে স্পেন। কর্মকর্তারা জানান, দেশটিতে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এলেও ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়ার আগ পর্যন্ত আরও কিছু সময় বিধিনিষেধ মেনে চলা দরকার।শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে ১০২ জন মারা গেছেন, যা ১৮ মার্চের পর একদিনে সর্বনিম্ন মৃত্যু। দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৫৬৩ জন। এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৬৯৮। এর মধ্যে শনিবার শনাক্ত হয়েছেন ৫১৫ জন।ইতোমধ্যে চারবার স্পেনে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আইনপ্রণেতা ও ভোটারদের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে সানচেজের বামপন্থি জোট সরকার।করোনা ভাইরাস ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে শনিবার বিক্ষোভ শুরু করেন স্পেনের জনগণ। এসময় বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেন।