
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা ও ইউরোপের দেশ ব্রিটেন, ইতালি, স্পেন এবং ফ্রান্স। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা আমেরিকার। এখন পর্যন্ত (সোমবার সকাল সোয়া ৯টা) দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ৬৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৯০ হাজার ৯৭৮ জনের ।
এমন পরিস্থিতিতে আমেরিকায় অনলাইনে অনুষ্ঠিত হল হাইস্কুল শিক্ষার্থীদের সমাবর্তন। এতে ভার্চুয়াল বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। অভিনন্দনের পাশাপাশি চলমান মহামারীতে শিক্ষার্থীদের যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে; সে বিষয়ে সহানুভূতি জানান ওবামা। দুঃসময় কাটিয়ে শিগগিরই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবার প্রত্যাশা জানান শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। যেকোনও পরিস্থিতিতে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আরও বক্তব্য রাখেন মার্কিন অভিনেতা ও রাজনীতিবিদ আরনল্ড শোয়ার্জনেগার, তরুণ ব্যান্ড দল জোনাস ব্রাদার্স ও সঙ্গীতশিল্পী ব্যাড বানি ।
বারাক ওবামা বলেন, ‘যখন তোমাদের গ্রাজুয়েশন অনুষ্ঠান নিয়ে মেতে ওঠার কথা, তখন মহামারির কবলে বিশ্ব। এ পরিস্থিতি কাটিয়ে উঠলে তোমরা বুঝতে পারবে, এ দুর্যোগ থেকে কি শিক্ষা পেয়েছো। বহু অনিশ্চয়তা থাকলেও পৃথিবীকে নতুন রূপে আবিষ্কার করবে তোমাদের প্রজন্ম। ’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করবো, সততা, পরিশ্রম, দায়িত্ববোধ, সহমর্মিতা আর অপরকে সম্মান করার মতো মূল্যবোধগুলো অর্জন করবে তোমরা । ’