
আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশে সফলভাবে অ্যাটলাস-ভি রকেট পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। রকেটটির সঙ্গে এক্স-৩৭বি নামে একটি স্পেস প্লেনও পাঠানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, একটি গোপন মিশনের জন্যই এ আকাশযান মহাশূন্যে পাঠানো হয়েছে।শনিবার (১৬ মে) রকেটটির উড্ডয়নের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। এ কারণে রোববার কেপ কানাভেরাল বিমান ঘাঁটি থেকে রকেটটি উড্ডয়ন করে। যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনী এ ঘাঁটিটি ব্যবহার করে। মহকাশযানটি কক্ষপথে একটি স্যাটেলাইট স্থাপন করবে। রশ্মিবিকিরণের প্রযুক্তি বিষয়েও এটি পরীক্ষা-নিরীক্ষা করবে।
মহাকাশে সফলভাবে রকেট উড্ডয়নকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত সম্মুখযোদ্ধাদের ও যারা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি উৎসর্গ করা হয়েছে। এ ছাড়া রকেটের গায়ে ‘আরেকিা স্ট্রং’ বা ‘আমেরিকা শক্তিশালী’ লেখা একটি স্টিকারও দেখা গেছে।এক্স-৩৭বি একটি বিশেষ ধরনের বিমান। এর সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়। এটি একটি রোবোটিক স্পেসক্র্যাফট। অর্থাৎ এই বিমানটিতে কোনো নভোচারী থাকেন না। ড্রোনের মতো করে এর নিয়ন্ত্রণ করা হয়।রোববার এ বিশেষ বিমানটিকে কোন মিশনে পাঠানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। কতদিনের জন্য মিশনটি পাঠানো হয়েছে তাও অজানা।