
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন আর আহত হয়েছে ৪০ জনের বেশি। ১৮ মে, সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে এই বোমা হামলার ঘটনা ঘটেছে। হতাহতদের মধ্যে বেশির ভাগই ন্যাশনাল ডাইরেক্টোরেট অফ সিকিউরিটির কর্মী বলে ধারণা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে সমঝোতা হওয়ার কয়েক ঘন্টা পর এই হামলার ঘটনাটি ঘটেছে। এমন প্রকাশ করেছে সংবাদমাধ্যম পার্সটুডে।
স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার সকালের দিকে গজনি প্রদেশের ন্যাশনাল ডাইরেক্টোরেট অফ সিকিউরিটির স্পেশাল ইউনিট ভবনের কাছে এই হামলা হয়। একটি গাড়ির ড্রাইভার তার গাড়িতে এই বোমা বিস্ফোরণ ঘটায়। হতাহতদের বেশিরভাগই ন্যাশনাল ডাইরেক্টোরেট অফ সিকিউরিটির কর্মী বলে ধারণা করা হচ্ছে। এই হামলার দায় কোন ব্যক্তি বা গোষ্ঠি এখনো স্বীকার করেনি। এর আগে গত মঙ্গলবার তিনজন বন্দুকধারী আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি প্রসূতি হাসপাতাল হামলা চালায়। এতে অন্তত ২৪ জন নিহত ও ১৬ জন আহত হয়।প্রসঙ্গত, সম্প্রতি সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। গত ফেব্রুয়ারি মাসে আফগান তালেবানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের একটি চুক্তি হয়। ওই চুক্তিতে তারা মার্কিন সেনাদের ওপর হামলা না চালানোর অঙ্গীকার করে। এরপর থেকে আফগান নিরাপত্তা বাহিনীর হামলা জোরদার করেছে তালেবান।