News71.com
 International
 18 May 20, 10:49 PM
 344           
 0
 18 May 20, 10:49 PM

‘প্রাকৃতিকভাবেই নির্মূল হবে করোনাভাইরাস’॥ অধ্যাপক ক্যারোল সিকোরা

‘প্রাকৃতিকভাবেই নির্মূল হবে করোনাভাইরাস’॥ অধ্যাপক ক্যারোল সিকোরা

আন্তর্জাতিক ডেস্কঃ ভ্যাকসিন তৈরির আগেই নভেল করোনাভাইরাস প্রাকৃতিকভাবেই নির্মূল হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রাক্তন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ক্যারোল সিকোরা। ব্রিটিশ এই স্বাস্থ্যবিদ বর্তমানে যুক্তরাজ্যের বাকিংহাম মেডিক্যাল স্কুলের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সম্প্রতি করোনার বিষয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক সিকোরা বলেন, ‘যেকোনো ভ্যাকসিন তৈরি হওয়ার আগেই এই ভাইরাসটি (কোভিড-১৯) স্বাভাবিকভাবে ধ্বংস হয়ে যাওয়ার সত্যিকারের সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেন, ‘আমরা প্রায় সর্বত্রই ভাইরাসটির একই ধরনের বৈশিষ্ট্য দেখছি। ভাইরাসটি আমাদের প্রতিরোধ ক্ষমতার চেয়েও বেশি শক্তিশালী বলে আমার ধারণা। তবে আমাদের ভাইরাসটির ছড়িয়ে পড়া ধীরগতি রাখা দরকার। যদিও এটি আপনা-আপনি ধ্বংস হয়ে যেতে পারে।’ তার এমন মন্তব্যের প্রেক্ষিতে টুইটারে আলোড়ন তৈরি হয়। যা ফলশ্রুতিতে তার বক্তব্য পরিস্কার করতে ব্রিটিশ এ স্বাস্থ্যবিদকে আরেকটি টুইট করতে হয়।


পরবর্তী টুইটে আগের বক্তব্যকে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ মতামত হিসেবে উল্লেখ করে তিনি জানান, শুধুমাত্র সম্ভাব্য একটি দৃশ্যই তুলে ধরেছেন তিনি, যা বর্তমানের অজানা পরিস্থিতিতে সম্ভব হতে পারে। আসলে শেষ পর্যন্ত নিশ্চিতভাবে কি হবে সেটি কেউই জানেন না উল্লেখ করে তিনি জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধান কঠোরভাবে মেনে চলারও আহ্বান জানান। গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথমবারের মতো এ নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত গোটা বিশ্বে ৪৮ লাখের বেশি মানুষ এতে সংক্রমিত হয়েছেন। আর ৩ লাখ ১৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন