
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ পণ্যবাহী একটি জাহাজ এডেন উপসাগরে জলদস্যুদের হামলার শিকার হয়েছে। তবে ওই হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে।ট্যাংকার পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টল্ট ট্যাংকার জানিয়েছে, সশস্ত্র অবস্থায় জলদস্যুরা জাহাজটিতে হামলা চালিয়েছে। জলদস্যুদের মোকাবেলায় ব্রিটিশ জাহাজ থেকেও গুলি চালানো হয়। এতে জলদস্যুদের হামলা ব্যর্থ হয়। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, রোববার উপকূল থেকে ৭৫ নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা দুটি স্পীডবোট নিয়ে জাহাজে হামলা চালায়। জাহাজের সশস্ত্র রক্ষীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনার পর জলদস্যুরাও গুলি করে। পরে জাহাজ থেকে আরো গুলি করা হলে জলদস্যুরা পালিয়ে যায়।তিনি আরো বলেন, জোটের জাহাজ থেকেও গুলি চালানো হয় এবং স্টল ট্যাংকার যাত্রা অব্যাহত রাখে।তবে জোটের জাহাজ বলতে তিনি কোন জোটকে বুঝিয়েছেন তা পরিষ্কার নয়।