
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘চীনের পুতুল’ বলে সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (১৮ মে) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা খুবই দুঃখজনক। যুক্তরাষ্ট্র তাদের বছরে ৪৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে। চীন দেয় বছরে ৩৮ মিলিয়ন ডলার। অথচ তাদের কার্যক্রম ‘চীন কেন্দ্রিক’। তারা চীনের পুতুল।'এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল স্থগিত করেছেন ট্রাম্প। করোনা মহামারিতে চীনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছেন তিনি।এর আগে চলতি মাসের ৮ তারিখে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি না চীন এটি ইচ্ছাকৃতভাবে ছড়িয়েছে, তবে অসচেতনতার বশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।