
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস মহামারিতেই ভারত জুড়ে অভ্যন্তরীণ বিমান চলমান শুরু করার ঘোষণা দিল দেশটির সরকার। আগামী সপ্তাহ থেকেই দেশটিতে অভ্যন্তরীণ বিমান চালু করার খবর জানায় আল জাজিরা। খবরে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে টানা দুই মাস ধরে বন্ধ রয়েছে দেশটির অভ্যন্তরীণ বিমান চলাচল। আসছে ২৫ মে থেকে দেশটিতে বিমান চলাচল করবে বলে জানায় এক শীর্ষস্থানীয় মন্ত্রী।
সিভিল এভিয়েশন মিনিস্টার হরদীপ সিং পুরি টুইটারে এ ঘোষণার কথা জানান। টুইট বার্তায় তিনি বলেন, সকল বিমানবন্দর ও বিমানবাহীকে আগামী ২৫ মে কাজ শুরু করার জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে ভারতে লকডাউনে গত ২৫ মার্চ থেকে সকল দেশীয় এবং আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল দেশটির সরকার।
প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছে। যা একদিনের হিসেবে দেশটিতে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৭৫০ জনে দাঁড়ালো। এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি ঘটেছে ১৪০ জনের। মোট মৃত ৩ হাজার ৩০৩ জন। এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২৯৮ জন। এতে সুস্থ হওয়ার হার ৩৯ দশমিক ৬২ শতাংশ।