
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের ব্ল্যাকবার্নে গুলি করে এক মুসলিম তরুণীকে (১৯) হত্যার ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে আপন ৩ ভাই রয়েছে। গত রবিবার বিকালে ওই তরুণীকে একটি গাড়ি থেকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ বলছে, এটি ছিল দুর্বৃত্তদের ভুল টার্গেট। গত সোমবার পুলিশ আপন তিন ভাই ফিরোজ (৩৯) সুহাইল (৩৬) ও নাঈম সুলেমানকে (৩৩) গ্রেফতার করে । এছাড়া, একজন অপরাধীকে সহায়তা করার অভিযোগে গতকাল বুধবার ১৯ ও ২৬ বছর বয়সী দু’জন নারীকে গ্রেফতার করা হয়েছে, এবং ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। একই অভিযোগ ৩১ ও ৩৫ বছর বয়সী আরও দু’জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে এবং একজন অপরাধীকে সহায়তা করার অভিযোগে ২৯ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে এই তরুণী হত্যায় ৯ জনকে গ্রেফতার করা হল ।
গোয়েন্দারা বিশ্বাস করেন, বন্দুকধারীর লক্ষ্য ছিল কুইক শাইন কার ওয়াশ। ঠিক এই সময় ওই তরুণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। গ্রেফতারকৃত ফিরোজ রি টায়ার্সের পরিচালক, যার ব্ল্যাকবার্নজুড়ে তিনটি গ্যারেজ রয়েছে। ল্যাংকাশায়ার পুলিশ জানিয়েছে, আটককৃতদের পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে।ভএছাড়া আমরা ওই এলাকার সিসিটিভি পরীক্ষা ছাড়াও হত্যাকাণ্ডের রহস্য উদ্ধারে আরও কয়েকটি বিষয় নিয়ে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী গুরুত্বপূর্ণ কয়েকজনের সাথে আমরা ওই বিষয়ে কথাও বলেছি ।