
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও চার বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে তিনজন নিউইয়র্কে এবং অন্যজন মিশিগান অঙ্গরাজ্যে মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে ২৬৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিউইয়র্কে বসবাসরত মহসিন আহমেদ বাবলু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ দেড় মাস ভোগার পর গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় মিশিগানের একটি হাসপাতালে মারা গেছেন। আগের দিন বুধবার দিবাগত রাতে নিউইয়র্কের শহরের ব্রুকলিনের বাসিন্দা ব্যবসায়ী শেখ আব্দুর রাজ্জাক মারা যান। নিউইয়র্কের আপ স্টেটের বাফেলো শহরে মারা যান ২২ বছরের তরুণ শাহরিয়ার রহমান নাবিল।
এ ছাড়া নগরীর বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার বাসিন্দা এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। বাড়ি ফেরার সম্ভাব্য দিনেই গত বুধবার রাতে হাসপাতালে মারা যান তিনি। তাঁর এ মৃত্যুর ঘটনা কমিউনিটিতে উৎকণ্ঠার সৃষ্টি করেছে।