News71.com
 International
 24 May 20, 06:41 PM
 336           
 0
 24 May 20, 06:41 PM

করোনা পরিস্থিতি স্বাভাবিক দেখাতে গলফ কোর্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥  

করোনা পরিস্থিতি স্বাভাবিক দেখাতে গলফ কোর্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণার পর এই প্রথমবার গলফ কোর্টে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে দেখাতেই এ কাজ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা । গতকাল শনিবার হোয়াইট হাউস থেকে ওয়াশিংটনের উপকণ্ঠে নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সাদা পোলো শার্ট ও ক্যাপ পরে বেশ কিছুক্ষণ প্রিয় খেলায় মজেছিলেন তিনি। সমালোচকদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। ঝুঁকি সত্ত্বেও সবাইকে ব্যবসা-বাণিজ্য ফের শুরু করতেও উদ্বুদ্ধ করছেন তিনি ।

তবে ট্রাম্প জানান, তিনি বেশ কয়েকবার করোনা টেস্ট করিয়েছেন। প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে, সবশেষ গত ৮ মার্চ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের গলফ কোর্টে দেখা দিয়েছিল ট্রাম্পকে। ওই সপ্তাহেই নিজের মার-এ-ল্যাগো রিসোর্টে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। এর পরের সপ্তাহেই বোলসোনারের প্রেস সেক্রেটারি করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া হোয়াইট হাউসের বেশ কিছু কর্মকর্তাও করোনায় আক্রান্তদের সংস্পর্শে যাওয়ায় সেলফ-কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ২০ জানুয়ারি প্রথমবার করোনাভাইরাস ধরা পড়ে যুক্তরাষ্ট্রে। সংক্রমণ বাড়তে থাকায় গত ১৩ মার্চ দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন