
আন্তর্জাতিক ডেস্কঃ মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি কুমির। জনশ্রুত রয়েছে এটি তৎকালীন জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের খুব প্রিয় ছিল। মৃত্যুর সময় কুমিরটির বয়স হয়েছিল ৮৪ বছর। অনেক বর্নিল জীবনের অধিকারী কুমিরটির ইতিহাসও বেশ জটিল। একদেশে জন্মের পর অন্যদেশে তার ঠাঁই হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সতীর্থদের হারালেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় তৎকালীন কুমির শাবকটি। পরে অনেক চডায়ু উৎরায়ু পার হয়ে স্থান পায় রাশিয়ার মস্কো চিড়িয়াখানায়। আর সেখানে থাকা অবস্থায় কুমিরটির মৃত্যু হল।
ডেইলি মেইল’এর খবরে বলা হয়, ১৯৩৬ সালে যুক্তরাষ্ট্রে জন্ম স্যাটার্নের। এরপর বার্লিনের চিড়িয়াখানায় উপহার হিসেবে দেয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কুমিরটি সেখানেই ছিল। তবে যুদ্ধচলাকাকালে ১৯৪৩ সালে বোমা বিস্ফোরণে খাঁচাটি বিধ্বস্ত হলেও বেঁচে যায় ৭ বছরের স্যাটার্ন। তার সঙ্গী প্রাণীগুলো মারা যায়। সৌভাগ্যক্রমে স্যাটার্ন বেঁচে গিয়ে পালিয়ে যায় ওখান থেকে। এর তিনবছর পর এক ব্রিটিশ সৈন্য তাকে পাওয়ার পর সোভিয়েত ইউনিয়নকে দিয়ে দেয়। এরপর থেকে রাশিয়াতেই ছিল কুমিরটা। গত ৭৪ বছর ধরে স্যাটার্নের দেখভাল করে আসছিল মস্কো চিড়িয়াখানা কর্তৃপক্ষ।