
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি শুরু হয়েছে। আজ রবিবার জেরুজালেমের একটি আদালতে শুনানি শুরু হয়। তিনজন বিচারকের একটি প্যানেল তার মামলা শুনবে। ক্ষমতায় থাকা তিনিই ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি মামলার মুখোমুখি। যদিও তিনি দাবি করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য মাত্র ১ সপ্তাহ আগে পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু শপথ নিয়েছেন। দেশটিতে তিন তিনটি নির্বাচনে কোন দল ক্ষমতায় যাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি। ফলে দীর্ঘ একমাসের রাজনৈতিক অবচলবস্থা শেষে জোট সরকার গঠন করে তিনি আবারও প্রধানমন্ত্রী হলেন। গত বছর তার বিরুদ্ধে তিনটি আলাদা মামলায় জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ঘুষ গ্রহণের অভিযোগ গঠন করা হয়। এছাড়া বেআইনিভাবে দামী উপহার গ্রহণ ও ইতিবাচক মিডিয়া কাভারেজ পেতে অবৈধ বাণিজ্য সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে। তবে নেতানিয়াহুর অনুপস্থিতিতে আদালতের কার্যক্রম চালানোর আবেদন করেছিলেন তার আইনজীবীরা। কিন্তু আদালত তা নাকচ করে দিয়েছে।