
আন্তর্জাতিক ডেস্কঃ জল্পনা শেষে প্রায় ২০ দিন পর জনসমক্ষে এলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সম্প্রতি দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের সাথে পরমাণু যুদ্ধ সংক্রান্ত একটি বৈঠকে উপস্থিত ছিলেন কিম। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, দেশের সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট কিম জং উন। পারমানবিক যুদ্ধের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা পাল্টা আক্রমণে নতুন নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় সেখানে। উত্তর কোরিয়ার মিলিটারি কমিশনের প্রধান কিম। সহজ কথায় দেশের প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে তার কথাই শেষ কথা।
কেসিএনএ’এর খবরে বলা হয়, বৈঠকে বেশ কিছু কমান্ডারদের রদবদল করেন কিম। এত দিন সেনাপ্রধান ছিলেন পাক জোং চোন। তাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসা হয় ভাইস মার্শালের পদে। এ ছাড়াও রি পিয়ং চোলকে অস্ত্রশস্ত্র সংক্রান্ত অগ্রগতির দিক খতিয়ে দেখার জন্য সিনিয়ার পার্টি অফিসিয়াল ইনচার্জ করা হয়েছে। সেনা কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠকের বেশ কিছু ছবি প্রকাশ্য করা হয়েছে। ছবিতে দেখা গেছে, বিভিন্ন নথি পরীক্ষা করে সেনা কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন উত্তর কোরিয়ার এই একনায়ক স্বৈর শাসক।