
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস মহামারিতে জারি করা লকডাউন আরও শিথিলের পথে হাঁটছে সৌদি সরকার। মঙ্গলবার (২৬ মে) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) থেকে মক্কা ছাড়া দেশের বাকি সব এলাকায় বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি করা কারফিউতেও পরিবর্তন আনা হচ্ছে। আর আগামী শনিবার ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত মক্কার বাইরের সব মসজিদ খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এই সময় সাধারণ মানুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবেন। সরকারি-বেসরকারি উভয় খাতের কর্মীদেরই কাজে ফেরার অনুমতি দেয়া হবে। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং দেশের মধ্যে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। করোনা মহামারি নিয়ন্ত্রণে গত ২৩ মার্চ থেকে ২১ দিন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এরপর এ নিষেধাজ্ঞার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। তবে অর্থনৈতিক চাপ কমাতে এপ্রিলের শেষের দিকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। পবিত্র রমজান মাসে শপিংমলসহ সবধরনের পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়কেন্দ্রগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় প্রশাসন।