
আন্তর্জাতিক ডেস্কঃ ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি সামরিক অবস্থানে মঙ্গলবার জিহাদিদের হামলায় দুই সেনা নিহত হয়েছে। নাইজেরিয়া থেকে এসে জিহাদিরা সেখানে এ হামলা চালায়। এদিকে একই গ্রামে মাইন বিস্ফোরণে আরো সাত সৈন্য আহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর এক কর্ণেল জানান, সৈন্যদের একটি গাড়ি অতিক্রম করার সময় এসব বিস্ফোরণ ঘটানো হয়। ওই কর্ণেল ও স্থানীয় এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ক্যামেরুনের উত্তরাঞ্চলে নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকা সৌরামে রাতে এ দুই হামলা চালানো হয়।
কর্ণেল জানান, রাতভর চালানো ওই হামলায় ক্যামেরুনের দুই সৈন্য নিহত হয়েছে। এসময় সেখানে সামরিক বাহিনীর পাল্টা হামলায় পাঁচ জিহাদি নিহত হয়। জিহাদিদের কর্মকান্ড পর্যবেক্ষণ করা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স (আইএসডব্লিউএপি) এ হামলার দায় স্বীকার করেছে।আইএসডব্লিউএপি হচ্ছে নাইজেরিয়ার বোকো হারামের একটি উপ দল। নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা জানান, জিহাদিদের হামলায় সামরিক বাহিনীর একটি গাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নেতা এ হামলা এবং প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সেখানে হামলায় বেসামরিক কোন নাগরিক হতাহত হয়নি।