News71.com
 International
 02 Jun 20, 10:39 AM
 326           
 0
 02 Jun 20, 10:39 AM

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ-সহিংসতা অব্যাহত॥

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ-সহিংসতা অব্যাহত॥

আন্তর্জাতিক ডেস্কঃশ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে টানা ষষ্ঠ রাত ধরে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। সহিংসতার মুখে অন্তত ৪০টি শহরে রাতের কারফিউ জারি করা হলেও তা উপেক্ষা করেই বিক্ষোভ করছেন লাখ লাখ মানুষ। সোমবার (১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। রোববার (৩১ মে) নিউইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া, লস এঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং পেপার বুলেট ছোড়ে পুলিশ।বেশ কয়েকটি শহরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং দোকানে লুটের ঘটনা ঘটে।রোববার জরুরি অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করার জন্য ১৫টি অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

এদিনও ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে জড়ো হন বিক্ষোভকারীরা। এসময় তারা আগুন জ্বালান এবং দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন।ওয়াশিংটনের পুলিশ হোয়াইট হাউসের কাছে আগুন জ্বালানো বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। এমনকি হোয়াইট হাউসের কাছে প্রেসিডেন্টদের চার্চ হিসেবে পরিচিত সেইন্ট জন্স এপিসকোপাল চার্চেও আগুন ধরিয়ে দেওয়া হয়।শুক্রবার (৩০ মে) রাতে সহিংস বিক্ষোভের সময় নিরাপত্তার জন্য আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে আশ্রয় নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর আগে ১৯৬৮ সালে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের গুপ্তহত্যার পর যুক্তরাষ্ট্রজুড়ে এ ধরনের গণবিক্ষোভ দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন