
আন্তর্জাতিক ডেস্কঃ অষ্টম দিবসের মত গতকাল মঙ্গলবারও সারা আমেরিকায় বিক্ষোভ-মিছিল-সমাবেশ হয়েছে। তবে আগের তিনদিনের মত কোন হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ কিংবা লুটতরাজের ঘটনা ছিল না মঙ্গলবার। গত চারদিনের বিক্ষোভ চলাকালে ১০ জনের প্রাণহানী ঘটেছে বিভিন্ন স্থানে। ২ জুন ভোররাতে লুটের উদ্দেশ্যে দক্ষিণ ফিলাডেলফিয়া সিটিতে আগ্নেয়াস্ত্রের দোকান ‘ফায়ারিং লাইন ইনক’এ প্রবেশকালে স্টোরের মালিকের গুলিতে এক ব্যক্তি মারা গেছে। একইসিটিতে বিষ্ফোরক ঘটিয়ে এটিএম মেশিন উড়িয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টাকালে আরেক যুবক গুরুতরভাবে আহত হয়েছে ।
গত সোমবার দ্বিতীয় রজনীর মত কার্ফিউর মধ্যেই ফিলাডেলফিয়া সিটিতে হরিলুটের রাজত্ব কায়েম হয়েছিল। একইরাতে লাসভেগাসে একটি ফেডারেল ভবনে লুটের চেষ্টাকালে পুলিশের গুলিতে আরেকজনের মৃত্যু হয়েছে। এসব কারণে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় কার্ফিউ বহাল হয় নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, ওহাইয়ো, লসএঞ্জেলেস, সান্তা মনিকা, বেভার্লী হিল্স, সানফান্সিসকো, ওকল্যান্ড, মিনিয়াপলিসসহ ডজন দুয়েক সিটিতে। ২০ ডলারের একটি জাল নোট ভাঙানোর অভিযোগে এক স্টোর মালিকের টেলিফোনে ২৫ মে অপরাহ্নে মিনিয়াপলিস সিটির টহল পুলিশ এসে গ্রেফতার করে জর্জ ফ্লয়েড (৪৬)কে। এরপর তাকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে উঠানোর পর কয়েক মিনিট পর গাড়ি থেকে বের করে সেই গাড়ির পেছনের চাকার নিকটে জর্জকে ফেলে দিয়েই তার ঘাড়ের ওপর হাটু দিয়ে চেপে ধরেন পুলিশ অফিসার ডেরেক চোভিন (৪৪) ।
তবে গতকাল মঙ্গলবার দিনভর ৬০ থেকে ৭০ সিটিতে বিক্ষোভ হলেও পরিস্থিতি ছিল একেবারেই শান্ত। যদিও সন্ধ্যায় কার্ফিউ জারির পরও অনেকেই মিছিল করেছেন এবং রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেন পুলিশের সামনেই। কার্ফিউ ভঙ্গেও জন্যে কাউকে গ্রেফতারের চেষ্টা না করে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাসায় যাবার আহবান জানান নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা। উল্লেখ্য, ৮৭ বছর পর নিউইয়র্ক সিটিতে কার্ফিউ জারির ঘটনা ঘটলো। আগামী ৭ জুন পর্যন্ত কার্ফিউ বহাল থাকবে নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, লসএঞ্জেলেস, মিনিয়াপলিস প্রভৃতি স্থানে ।