
আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড -১৯ সংক্রমণের বিরুদ্ধে লকডাউন চলাকালীন ভিসা বিধি লঙ্ঘন করে ভারতে অবস্থানরত মোট ২,৫৫০ বিদেশি তাবলিগী জামায়াত সদস্যকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে এই ২,৫৫০ বিদেশি নাগরিক আগামী ১০ বছরের জন্য ভারতে প্রবেশ করতে পারবেন না। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।
মার্চ মাসে রাজধানী নয়াদিল্লির নিজামুদ্দিন অঞ্চলে তাবলিগ জামাত আয়োজিত একটি বিশাল জমায়েত কোভিড -১৯ এর একটি প্রধান হট স্পট হিসাবে দেখা দিয়েছিলো। অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন, যাদের পরে করোনাভাইরাস পজেটিভ হয়েছিল তারা সেখান থেকে দেশটির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিলো। তাবলিগ জামাতকে কেন্দ্র করে তখন এটি এ অঞ্চলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিলো ।
বিদেশি তাবলিগী জামায়াতের সদস্যদের নিষিদ্ধ করার সিদ্ধান্তটি ভারতের মসজিদ ও ধর্মীয় স্থানগুলোতে অবৈধভাবে উপস্থিত থাকার প্রমাণ সাপেক্ষে নেয়া হয়েছিল। তাবলিগ সম্প্রদায়ের শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে ইতিমধ্যে ভারতের মহামারী রোগ আইনের অধীনে নিয়ম লঙ্ঘনের জন্য তদন্ত চলছে। এবং বিদেশি তাবলিগ সদস্যদের বিরুদ্ধে ভিসার নিয়ম লঙ্ঘন ও বিদেশি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে ।