
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিম। তিনি একা নন, তাঁর স্ত্রী, ব্যক্তিগত দেহরক্ষী এবং এক কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে বলে দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। খবরে প্রকাশ, মোস্ট ওয়ান্টেড জঙ্গি দাউদ ইব্রাহিম কাসকর করাচির মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন। মুম্বই হামলা-সহ অনেক জঙ্গি হামলার সঙ্গেই দাউদের নাম জড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই ভারত ধরতে চেয়েছে দাউদকে। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে সাফল্য আসেনি। তবে করোনা থেকে বাঁচতে পারলেন অপরাধ জগতের কুখ্যাত বাদশা। স্ত্রী মেহেজবান ও দাউদ দুজনেই আপাতত হাসপাতালে। পাকিস্তানে এমনিতেই করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। সেই সংক্রমণ এবার পৌঁছে গেল দাউদের বাড়িতেও। সে দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৮৯,২৪৯ জন। মৃত্যু হয়েছে ১,৮৩৮ জনের।
প্রসঙ্গত, দাউদ যে সপরিবারে পাকিস্তানেই লুকিয়ে এবং সেখানে বসেই পরাধ জগতের রিমোট কন্ট্রোল হাতে রেখেছে সে ব্যাপারে আগেই ইসলামাবাদকে তথ্যপ্রমাণ-সহ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু বারবাহরই স্বভাবসিদ্ধ ঢঙে অস্বীকার করেছে পাকিস্তান। দুবাই-শারজাতেও অনেকবার দাউদের আনাগোনার প্রমাণ হাতে এসেছে ভারতীয় গোয়েন্দাদের। তবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র দাউদকে জঙ্গি তকমা দেওয়ায় পরে দাউদের পক্ষে পাকিস্তান ছাড়াও কঠিন হয়ে গিয়েছে। দাউদ ধরা না পড়লেও গত বছরেই দাউদের একাধিক সঙ্গীকে পাকড়াও করে মুম্বই পুলিশ। গত অক্টোবরে ধরা পড়ে দুষ্কৃতী ইজাজ লাকড়াওয়ালা। এক সময়ে দাউদের ঘনিষ্ট সঙ্গী ছিল সে। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের পরে দাউদ ইব্রাহিমের গ্যাং ভেঙে যায়। বছর দশেক আগে ইজাজ নিজের গ্যাং তৈরি করেছিল। সে আমেরিকা, নেপাল ও মালয়েশিয়ায় থাকত। দেশে ফিরে সে পুলিশের জালে পড়ে।